
নিউজ ডেস্কঃ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সময়, অর্থের ব্যয় এবং দুর্নীতি কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, প্রশাসনিকসহ সকল কার্যক্রমে প্রযুক্তিকে যতো বেশি ব্যবহার করা যাবে, ততো বেশি সময়, অর্থ ও দুর্নীতি কমিয়ে সেবার মান বৃদ্ধি করা যাবে। সোমবার (২৯ মার্চ) ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং (ডি-সেট) সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোতে আইসিটি প্রশিক্ষণ এবং অবকাঠামো স্থাপন’ শীর্ষক কর্মসূচির আওতায় আইসিটি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। পলক বলেন, আইসিটি বিভাগ ‘আমার গ্রাম, আমার শহর’, ‘তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি’ ও ‘সমৃদ্ধি বাংলাদেশ’ তিনটি বাতিঘর নিয়ে কাজ করছে। এর লক্ষ্যে হচ্ছে প্রত্যেকটি গ্রামেই শহরের নাগরিক সেবা পৌঁছানো, তরুণদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করা এবং তরুণদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি করা।তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আইসিটি সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে সবমিলিয়ে দেশে প্রায় ৮ হাজার কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। আরও ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের প্রক্রিয়া চলছে।