News71.com
 Bangladesh
 30 Mar 21, 10:35 AM
 239           
 0
 30 Mar 21, 10:35 AM

নেপালের আকাশে ৩ ঘণ্টা উড়ে ফিরে এলো বাংলাদেশী বিমান।।

নেপালের আকাশে ৩ ঘণ্টা উড়ে ফিরে এলো বাংলাদেশী বিমান।।

নিউজ ডেস্কঃ নেপালের রাজধানী কাঠমান্ডুর আকাশে প্রায় ৩ ঘণ্টা ঘুরে দেশটিতে অবতরণ করতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। অবশেষে সেটি আবার ফিরে এসেছে বাংলাদেশে। ঘন কুয়াশার কারণে আবহাওয়া প্রতিকূল থাকায় বিমানটি অবতরণ করতে না পেরে বাংলাদেশে ফিরে এসেছে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান।ফ্লাইটটিতে ৬৭ জন যাত্রী ছিলেন। ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে ও সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

জানা গেছে, সোমবার (২৯ মার্চ) সকাল ১১টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৭১ ফ্লাইটটি ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যায়। ফ্লাইটটি বাংলাদেশের স্থানীয় সময় ১২টা ৩০ মিনিটে কাঠমান্ডুতে অবতরণের কথা ছিল। তবে ভারত সীমান্ত থেকে নেপালে ঢুকতেই কুয়াশাসহ প্রতিকূল আবহাওয়ার কারণে উড়োজাহাজটি বিমানবন্দরে নামতে পারেনি। এ অবস্থায় বিমানের ফ্লাইটটি নেপালের বিভিন্ন স্থানের ওপর দিয়ে প্রায় ৩ ঘণ্টা ঘুরপাক খায়। বার বার নেপালের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা আবহাওয়ার কারণে বিমানের ফ্লাইটটিকে নামার অনুমতি দেয়নি।

অবশেষে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩৮ মিনিটে ফ্লাইটটি নেপাল ও ভারতের বিভিন্ন এলাকা দিয়ে উড়ে বাংলাদেশে অবতরণ করে। বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, যাত্রীরা সবাই এখন বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জে অবস্থান করছেন। আবহাওয়া অনুকূল হলে তাদের আবার কাঠমাণ্ডু পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন