
নিউজ ডেস্কঃ যদি সেরাম ইনস্টিটিউট থেকে করোনার টিকা সময় মতো পাওয়া না যায় তবে অন্য চিন্তা করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (২৯ মার্চ) দুপুর ১টায় অনলাইনে যুক্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের দক্ষিণ ব্লকের সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমাদের করোনার টিকা কর্মসূচি চলছে। আমাদের এই মাসের টিকার চালানটি আসার কথা ছিল। আমরা সেটি পাইনি। এটা পাওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। ওনারা আমাদের উপহার স্বরূপ ১২ লাখ টিকা দিয়েছেন।
‘আগামীতে যদি টিকা আমরা পেয়ে যাই তাহলে আমাদের টিকা কার্যক্রম ব্যাহত হবে না। আর যদি টিকা না পাই তাহলে স্বাভাবিকভাবেই আমাদের অন্য চিন্তা করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি। তারা এই মুহূর্তে টিকা দিতে পারছে না। তারা জুনের আগে টিকা দিতে পারবে না। আমরা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছি।’