
নিউজ ডেস্কঃ লালমনিরহাটের হাতীবান্ধায় যৌতুকের টাকা দিতে না পারায় ছুরি দিয়ে দিলরুবা আক্তার টুম্পা (২৫) নামের এক গৃহবধূর পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় অভিযোগ করায় ভুক্তভোগী পরিবারটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আর এই বিষয়টি ধামা-চাপা দেওয়ার চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল।
সোমাবার (২৯ মার্চ) দুপুরে আহত দিলরুবা আক্তার বাদী হয়ে স্বামী প্রাণকে প্রধান আসামি করে দেবর ও শাশুড়ির নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন। এর আগে শনিবার (২৭ মার্চ) রাতে উপজেলার টংভাঙ্গা ইউপির পশ্চিম বেজ গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযুক্তরা হলেন, উপজেলার পশ্চিম বেজ গ্রামের মোকলেছুর রহমানের ছেলে অছিউর রহমান প্রাণ (২৭), প্রাণের ছোট ভাই মুরাদ হোসেন মন (১৮) ও তার মা মালতী লতা (৪৫)। আহত দিলরুবা আক্তার টুম্পা উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিন গড্ডিমারী গ্রামের মৃত মোফাজ উদ্দিনের মেয়ে।
টুম্পাকে উদ্ধারকারী হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম বলেন, আমি সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টুম্পার খোঁজ খবর নিয়েছি। থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, অভিযোগ পাওয়া গেছে। ব্যবস্থা গ্রহণ করা হবে।