News71.com
 Bangladesh
 29 Mar 21, 06:31 PM
 275           
 0
 29 Mar 21, 06:31 PM

যেখানেই হেফাজত অরাজকতা চালাবে সেখানেই ছাত্রলীগ প্রতিহত করবে।। লেখক ভট্টাচার্য্য

যেখানেই হেফাজত অরাজকতা চালাবে সেখানেই ছাত্রলীগ প্রতিহত করবে।। লেখক ভট্টাচার্য্য

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য বলেছেন, 'বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে হেফাজত তাণ্ডব চালিয়েছে। পাকিস্তানি মদদপুষ্টদের অর্থায়নে তারা এ কার্যক্রম চালাচ্ছে। দেশে যেখানেই তারা অরাজকতা চালাবে সেখানেই ছাত্রলীগ তাদের প্রতিহত করবে। এ জন্য জেলা ও উপজেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া আছে'।

আজ সোমবার নিজ জেলা যশোর সফরকালে এ কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য। তিনি আরো বলেন, 'জাতির পিতার নেতৃত্বে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতার আমরা ৫০ বছর উদযাপন করছি। কিন্তু সেই সময় আমরা দেখতে পাচ্ছি '৭১-এর স্বাধীনতাবিরোধী চক্র বাংলাদেশকে খারাপভাবে বহির্বিশ্বের কাছে উপস্থাপনের চেষ্টা করছে। তারা '৭৫এ জাতির জনককে হত্যা করে বিশ্বের বুকে আমাদের বিশ্বাসঘাতকের লেবাস লাগিয়ে দিয়েছিল। ঠিক সেইভাবে আজকে বিশ্বের দরবারে বাংলাদেশকে হেয়প্রতিপন্ন করতে হেফাজতিরা উঠেপড়ে লেগেছে'।

এদিকে, সকাল ১১টার দিকে তিনি যশোর এসে পৌঁছান। এর আগে শত শত ছাত্রলীগ নেতাকর্মী ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানাতে শহরের দড়াটানা বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে অবস্থান নেন। এ সময় তারা ছাত্রলীগ সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ১২টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর লেখক ভট্টাচার্য্য যশোর পৌর নির্বাচনের মেয়র প্রার্থী হায়দার গণি খান পলাশের পক্ষে লিফলেট বিতরণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন