News71.com
 Bangladesh
 29 Mar 21, 06:27 PM
 254           
 0
 29 Mar 21, 06:27 PM

এপ্রিলেই ঢাকায় আসছে পাঁচটি মেট্রো ট্রেন সেট।। ওবায়দুল কাদের

এপ্রিলেই ঢাকায় আসছে পাঁচটি মেট্রো ট্রেন সেট।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আগামী ২৩ এপ্রিলের মধ্যে পাঁচটি মেট্রো ট্রেন সেট রাজধানীর উত্তরাস্থ ডিপোতে পৌঁছাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২৯ মার্চ) মেট্রোরেল রুট-৫ এর সাউদার্ন অংশের সম্ভাব্যতা সমীক্ষা, বিস্তারিত নকশা ও টেন্ডার সহায়তার জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা জানান। সেতুমন্ত্রী বলেন, ইতোমধ্যে জাপানের কারখানায় ছয়টি যাত্রীবাহী কোচ সম্বলিত পাঁচটি মেট্রো ট্রেন সেট নির্মিত হয়েছে। জাপান থেকে সমুদ্রপথে বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন সেট শিগগিরই মোংলা বন্দরে পৌঁছাবে। আগামী ২৩ এপ্রিলের মধ্যে মেট্রো ট্রেন সেট উত্তরাস্থ ডিপোতে পৌঁছাবে।

মেট্রোরেল রুট-৬ প্রকল্পের নির্মাণকাজের সার্বিক অগ্রগতি শতকরা ৬১.৩৩ শতাংশ বলে জানান তিনি। গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত উড়াল ও পাতাল সমন্বয়ে মেট্রোরেল রুট-৫: সাউদার্ন অংশের সম্ভাব্যতা সমীক্ষা যাচাই, বিস্তারিত নকশা প্রণয়নসহ টেন্ডার সহায়তার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে ডিএমটিসিএল এবং ইজিআইএস রেল, এসএ (ফ্রান্স) জয়েন্ট ভেঞ্চারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১ জানুয়ারি ২০২০ থেকে ৩০ জুন ২০২৩ পর্যন্ত। প্রায় ২৮৬ কোটি টাকার চুক্তিপত্রে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এবং পরামর্শক প্রতিষ্ঠান ইজিআইএস রেল, এসএ (ফ্রান্স) জয়েন্ট ভেঞ্চারের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ প্যাসকেল লিগনার্স নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন