
নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে জেলা কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামকে শ্বাসরোধে হত্যার ঘটনায় মির্জাপুর থানায় মামলা করা হয়েছে। শনিবার রাতেই নিহতের ছোট ভাই খন্দকার মো. আরশাদুল আবিদ বাদী হয়ে রেদওয়ানার স্বামী মো. দেলোয়ার হোসেন মিজানকে আসামি করে এই মামলা দায়ের করেন।
চাহিদামত যৌতুকের দাবী পূরণ করতে না পারায় সৃষ্ট দাম্পত্য কলহের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মামলার বাদী ও পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। ২২ মার্চ কন্যাসন্তান প্রসবের পর শনিবার (২৭ মার্চ) বিকেলে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালের দোতলায় ১১ নম্বর কেবিনে রেদওয়ানা ইসলামকে বালিশ চাপা ও গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় পাষণ্ড স্বামী দেলোয়ার।
দেলোয়ার পাবনা সদর উপজেলার হেমায়েতপুর চার ভাঙ্গারিয়া গ্রামের মো. এলাহী মোল্লার ছেলে। তিনি সোস্যাল ইসলামী ব্যাংক ভোলা সদরের মহাজনপট্টি শাখায় কর্মরত বলে জানা গেছে। নিহত রেদওয়ানা ইসলাম রংপুর সদর থানার ইসলামপুর হনুমানতলার মৃত খন্দকার রফিকুল ইসলামের মেয়ে।