News71.com
 Bangladesh
 26 Mar 21, 02:21 PM
 248           
 0
 26 Mar 21, 02:21 PM

জাতীয় স্মৃতিসৌধে।। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে।। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন   ভারতের প্রধানমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (২৬ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে তিনি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতাও পালন করেন তিনি। এরপরে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে সই করেন।

 

বেলা ১১টা ৪০ মিনিটে হেলিকপ্টারে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান মোদি। স্মৃতিসৌধের কর্মসূচি শেষে আবার হেলিকপ্টারে ঢাকায় রওনা দেন তিনি। এদিকে নরেন্দ্র মোদির আগমন উপলক্ষ্যে সুসজ্জিত করে রাখা হয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়ক। স্মৃতিসৌধের প্রধান ফটকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়। পাশাপাশি ঢাকা-আরিচা মহাসড়কের ডিভাইডারে সারিবদ্ধভাবে বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

 

এছাড়া নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয় জাতীয় স্মৃতিসৌধসহ পুরো নবীনগর এলাকা। রাস্তায় সীমিত পরিসরে গণপরিবহন চলাচল করলেও নবীনগর এলাকায় জনসমাগম নিষিদ্ধ করা হয়। এজন্য নবীনগরসহ আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছিল বিপুল সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন