
নিউজ ডেস্কঃ কবিরাজির আড়ালে অস্ত্র ও ইয়াবা ব্যবসার অভিযোগে সজীব কবিরাজ ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬টি বিদেশি পিস্তল, ৮৪ রাউন্ড গুলিসহ ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, অষ্টম শ্রেণি পাস সজীব নারয়াণগঞ্জ থেকে রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় এসে কবিরাজি চিকিৎসা শুরু করে। পরবর্তীতে সে জড়িয়ে পড়ে মাদক ও অস্ত্র ব্যবসায়। অল্প দিনেই মিরপুরকেন্দ্রিক গড়ে তোলে মাদক আর অস্ত্রের শক্তিশালী সিন্ডিকেট।
বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলীর একটি বাসা থেকে আটক করা হয় সজীব কবিরাজকে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী রাজধানীর বিভিন্ন স্থান ও সাভারের হেমায়েতপুরে তার নিজ বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৬টি বিদেশি পিস্তল, ৮৪ রাউন্ড গুলি ও ৫ হাজার পিস ইয়াবা। এ সময় সজীবের স্ত্রী কুমকুম আক্তার, সহযোগী আরব আলী শাহীন ও মঞ্জুরকে আটক করে র্যাব।