News71.com
 Bangladesh
 26 Mar 21, 12:17 PM
 220           
 0
 26 Mar 21, 12:17 PM

২৬ মার্চ প্রথম প্রহরে।। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু

২৬ মার্চ প্রথম প্রহরে।। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু

 

নিউজ ডেস্কঃ ২৫ মার্চ কালরাতে ‘অপারেশন সার্চলাইট’ শুরুর পর মধ্যরাতে গ্রেপ্তারের আগে, ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঘোষণাটি বঙ্গবন্ধুর বাসভবন থেকে প্রথমে টেলিফোনে বিভিন্ন নেতা ও সূত্রের কাছে পাঠানো হয়। ইপিআরের (পরে বিডিআর, বর্তমানে বিজিবি) ট্রান্সমিটারের মাধ্যমে চট্টগ্রামে পাঠানো হয় সারা দেশে পৌঁছে দেওয়ার জন্য। একই সঙ্গে পৌঁছানোর ব্যবস্থা করা হয় মগবাজার ভিএইচএফ অয়্যারলেস স্টেশনে। সব জায়গায় বার্তা পাঠিয়ে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাটি দ্রুত আওয়ামী লীগের নেতাকর্মীসহ দেশে-বিদেশে পৌঁছে দিতে বলা হয়। বিভিন্ন ওয়্যারলেস স্টেশনের বাঙালি দেশপ্রেমিক কর্মীরা বার্তাটি ছড়িয়ে দেন জীবনের ঝুঁকি নিয়ে। বঙ্গবন্ধুর নির্দেশে তখন পূর্ব পাকিস্তানের সঙ্গে বহির্বিশ্বের টেলিফোন যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। একমাত্র ওয়্যারলেস শিপিং চ্যানেলের মাধ্যমে সমুদ্রে জাহাজগুলোর সঙ্গে যোগাযোগের সুযোগ ছিল। ট্রান্সমিটারের মাধ্যমেও বার্তাটি ঢাকা থেকে প্রচার করা হয়।

 

বঙ্গবন্ধুর ঐতিহাসিক বার্তাটি ছিল ইংরেজিতে লেখা। বাংলা করে যে বার্তাটি বিভিন্নভাবে প্রচার করা হয়, তার রূপ ছিল এ রকম—‘মাতৃভূমিকে রক্ষা করো। আল্লাহ সহায় হোন। পাকিস্তান সেনাবাহিনী অতর্কিতে পিলখানা ইপিআর ঘাঁটি, রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ করেছে এবং শহরের লোকদের হত্যা করছে। ঢাকা, চট্টগ্রামের রাস্তায় যুদ্ধ চলছে। আমি বিশ্বের জাতিসমূহের কাছে সাহায্যের আবেদন করছি। আমাদের মুক্তিযোদ্ধারা বীরত্বের সাথে যুদ্ধ করছে। সর্বশক্তিমান আল্লাহর নামে আপনাদের কাছে আমার আবেদন ও আদেশ, দেশকে স্বাধীন করার জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান। আপনাদের পাশে এসে যুদ্ধ করার জন্য পুলিশ, ইপিআর, বেঙ্গল রেজিমেন্ট ও আনসারদের সাহায্য চান। কোনো আপস নাই, জয় আমাদের, পবিত্র মাতৃভূমি থেকে শেষ শত্রুকে বিতাড়িত করুন। সকল আওয়ামী লীগ নেতা, কর্মী এবং অন্যান্য দেশপ্রেমিক ও স্বাধীনতাপ্রিয় লোকদের এ সংবাদ পৌঁছে দিন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। জয় বাংলা।’—শেখ মুজিবুর রহমান।

 

বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার সাক্ষাৎকার থেকে জানা যায়, আওয়ামী লীগের একজন প্রবীণ কর্মী হাজি মোহাম্মদ মোরশেদ ২৫ মার্চ রাতে টেলিফোনে সর্বত্র বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা পাঠান। পরে সে রাতে বঙ্গবন্ধুর সঙ্গে মোরশেদকেও গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন