
নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে কণা পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে এ কথা জানান। সিপিবি নেতারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাংলাদেশের মানুষের মুক্তিসংগ্রামকে ধ্বংস করতে পাকিস্তানি বর্বর সেনাবাহিনী অতর্কিত হামলা করে ঢাকায় ছাত্র-ইপিআর-পুলিশ-বস্তিবাসীসহ অসংখ্য নিরীহ ঘুমন্ত মানুষকে হত্যা করেছিলো। তারা মুক্তিযুদ্ধের নয় মাসে ত্রিশ লাখ মানুষকে হত্যা করেছে, দুই লাখ নারীকে নিপীড়ন করেছে, কিন্তু বিজয় ঠেকিয়ে রাখতে পারেনি। আজ ৩০ লাখ মানুষের রক্ত ও দুই লাখ নারীর ত্যাগের বিনিময়ে পাওয়া বাংলাদেশ শাসক গোষ্ঠীর লুটপাট আর ভ্রান্তনীতির কারণে জন্মকালীন স্বাধীনতার চেতনা থেকে অনেক দূরে।
গণতন্ত্র-ধর্মনিরপেক্ষতা-জাতীয়তাবাদ-সমাজতন্ত্রের অঙ্গীকার থেকে দূরে সরে গেছে শাসকগোষ্ঠী। আজ গণতন্ত্র হরণ করা হয়েছে, সমাজতন্ত্র নির্বাসিত। অন্যদিকে রাষ্ট্রধর্ম সংবিধানে জেঁকে বসেছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে যোগসাজশে শিক্ষাব্যবস্থা ও পাঠ্যসূচি সাম্প্রদায়িকীকরণ করা হচ্ছে। আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনা জলাঞ্জলি দিচ্ছে তাদের ভূমিকা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। শ্রমিক-কৃষক মেহনতি মানুষের অধিকার বাস্তবায়িত না হলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না। বিবৃতিতে নেতারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে কণা পরিমাণ ছাড় দেওয়া হবে না।