
নিউজ ডেস্কঃ স্বাধীনতার এত বছর পার হলেও পাকিস্তান একাত্তরের নৃশংস, বর্বরোচিত গণহত্যার জন্য আজও দুঃখ ও ক্ষমা প্রার্থনা করেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ২৫ মার্চ গণহত্যা ছিল ইতিহাসের সবচেয়ে জঘন্যতম গণহত্যা। কিন্তু ইতিহাসের এ বর্বরোচিত গণহত্যা এখনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়নি। এর জন্য পাকিস্তান ক্ষমাও চায়নি ৷
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন। সেতুমন্ত্রী বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম নির্যাতন নিয়ে বিএনপির মুখে কিছু শোনা যায় না। তারা শুধু সরকারের অন্ধ সমালোচনায় ব্যস্ত। বিএনপি মুখে মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও একাত্তরের গণহত্যা নিয়ে একটি কথাও বলেনি। এ ব্যাপারে বিএনপির ন্যাক্কারজনক নীরবতা পাকিস্তানি হানাদারদের পক্ষে তাদের অবস্থানকে স্পষ্ট করে।