
নিউজ ডেস্কঃ দেশে শুক্রবার (২৬ মার্চ) থেকে কমতে পারে তাপমাত্রা। সেই সঙ্গে ঠাণ্ডা বাতাসসহ বৃষ্টির সম্ভাবনা আছে। আবার কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (২৫ মার্চ) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের বরাত দিয়ে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছে আবহাওয়াবিদ একেএম নাজমুল হোসেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানের তাপমাত্রা কমতে শুরু করেছে। চৈত্র মাস হওয়াতে খুব একটা তাপমাত্রা কমবে না। তবে বৃষ্টির একটি আভাস পাওয়া গেছে। বৃষ্টি হলেই তাপমাত্রা কমতে পারে। তিনি জানান, দেশে কয়েকদিন তাপমাত্রা বেড়ে প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি। তবে আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) ৩৮ ডিগ্রির নিচে রয়েছে। এটি ধীরে ধীরে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ২৮ তারিখের পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এ সময়ের বৃষ্টি মানেই সাথে ঝড় হবে। তবে বৃষ্টিপাত কোথাও স্থায়ী হবে না। দুই-এক ঘণ্টা অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের পর আকাশ পরিষ্কার হয়ে যাবে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, নীলফামারী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে। এই দাবদাহ আগামীতে কিছু এলাকায় কমতে পারে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।