News71.com
 Bangladesh
 24 Mar 21, 10:38 AM
 240           
 0
 24 Mar 21, 10:38 AM

বঙ্গবন্ধুকে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করায়।। ভারতকে বাংলাদেশের ধন্যবাদ

বঙ্গবন্ধুকে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করায়।। ভারতকে বাংলাদেশের ধন্যবাদ

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার ২০২০-এ ভূষিত করায় ভারত সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বঙ্গবন্ধুকে প্রথমবারের মতো মরনোত্তর পুরস্কারটি দেওয়ার ঘোষণা দেওয়া হয় সোমবার। আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি বাংলাদেশ ও তার জনগণের জন্য একটি বিরাট সম্মান।’

এতে আরও বলা হয়, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এই সম্মাননা বিশেষ তাৎপর্য বহন করে। বিশেষত, যখন বাংলাদেশ রাজনীতি, অর্থনীতি ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে একটি উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে, বঙ্গবন্ধু যার ভিত গড়েছিলেন।’ পুরস্কারটি বাংলাদেশ-ভারতের মধ্যকার চিরগভীর সম্পর্কের প্রতিও একটি সম্মাননা। এটি এমন এক সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যখন উভয় দেশ যৌথভাবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, দু’দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন