
নিউজ ডেস্কঃ সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিদেশি পিস্তল ও ফেনসিডিলসহ পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) ও তার দুই সহযোগীকে আটক করেছে র্যাব। আটকরা হলেন- পুলিশ পরিদর্শক কোয়কোবাদ পাঠান (৩০), তার সহযোগী সোহেল মিয়া (৩২) ও রবিন হোসেন (৩০)। কায়কোবাদ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন। মঙ্গলবার (২৩ মার্চ) তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করে র্যাব। এর আগে সোমবার (২২ মার্চ) ভোরে তাদের র্যাব-৩ এর একটি দল আটক করে।
র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে র্যাব-৩ এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশি করে। এসময় একটি সাদা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে দু'টি বিদেশি পিস্তল, ২৫ রাউন্ড গুলি, ২৪০ বোতল ফেনসিডিল ও দু'টি হ্যান্ডকাফসহ তিনজনকে আটক করা হয়। আটকদের একজন পুলিশের উপপরিদর্শক। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত। মাইক্রোবাসটি কুমিল্লা থেকে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল।