
নিউজ ডেস্কঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বঙ্গবন্ধু তরুণ প্রজন্মের কাছে অহংকার। রোববার (২১ মার্চ) ঢাকার একটি হোটেলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীরা এদেশ থেকে, এদেশের মানুষের মন থেকে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর ত্যাগ আর সংগ্রামের ইতিহাস এদেশের তরুণ প্রজন্মের কাছে আদর্শ। তাদের কাছে বঙ্গবন্ধু এক গৌরব দীপ্ত অহংকার। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু যে নিষ্ঠা ও আত্মত্যাগের মাধ্যমে দেশ ও জনগণের জন্য কাজ করে গেছেন সেটাই তরুণ প্রজন্মের কাছে আদর্শে পরিণত হয়েছে। যারা ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে তাদেরকে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে ধারণ করে কাজ করতে হবে। দেশ ও মানুষের জন্য নিজের জীবনকে তুচ্ছ ভাবতে হবে।