
নিউজ ডেস্কঃ আগামী ২৪ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে। তবে এ খবরটি ‘সম্পূর্ণ গুজব’ বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। ৪১তম বিসিএস পরীক্ষা শেষ হওয়ার পর শুক্রবার (১৯ মার্চ) বিকেল থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী ২৪ মে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে বলে একটি গ্রুপ প্রচার করতে শুরু করে।
এসব প্রচারে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে উদ্ধৃতি করা হচ্ছে। বিভিন্ন ফেসবুক গ্রুপে বলা হচ্ছে চার ধাপে আগামী ২৪ ও ৩১ মে এবং ১৪ ও ২১ জুন সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিষয়ে ডিপিই মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম সংবাদমাধ্যমকে বলেন, আমরা আগেই বলেছি শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে পরীক্ষা নেওয়া সম্ভব না। তারপরও যদি কোনো সিদ্ধান্ত হয় অবশ্যই তা সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানান মহাপরিচালক।