
নিউজ ডেস্কঃ কুষ্টিয়া জেলা কারাগারে স্থানীয়দের দ্বারা সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সহকারী প্রধান কারারক্ষীসহ তিনজন আহত হয়েছেন। হামলার সঙ্গে জড়িত দুই বহিরাগতকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ মার্চ) রাত ৮ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যায় কারা ফটকের সামনে স্থানীয় সবজি বিক্রেতার সঙ্গে এক কারারক্ষীর কথা কাটাকাটি হয়। পরে বিষয়টিকে কেন্দ্র করে ওই সবজি বিক্রেতা স্থানীয়দের সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ কারাগারের প্রধান ফটকের অভ্যন্তরে অনুপ্রবেশ করে সহকারী প্রধান কারারক্ষী মামুন হোসেনসহ অন্যান্য কারারক্ষীদের ওপর হামলা চালায়। এতে সহকারী কারারক্ষী মামুনসহ অন্তত আটজন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারা ঘণ্টা বাজিয়ে কুষ্টিয়া জেলা কারাগারের সব কারারক্ষী একত্রিত হয়ে বহিরাগতদের ধাওয়া করে। এসময় পুলিশ দুই বহিরাগতকে আটক করেছে। কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার তায়েফ উদ্দিন মিয়া বলেন, এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।