
নিউজ ডেস্কঃ কোনো কাউন্সিলরের বিরুদ্ধে খাল দখল বা কোনো অপরাধ প্রমাণিত হলে তার কাউন্সিলরশিপ থাকবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।তিনি বলেন, ‘যদি তদন্তে প্রমাণিত হয়, কোনো কাউন্সিলর খাল দখল করেছেন, অবশ্যই সেই কাউন্সিলরের কাউন্সিলরশিপ বাতিল হয়ে যাবে। এমনকি দখলের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেলেও কাউন্সিলরশিপ থাকবে না।’ শুক্রবার (১৯ মার্চ) রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের সুইস গেট এলাকায় খিদিরখালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নতুন খনন করা খালের উদ্বোধন শেষে মেয়র আতিক এসব কথা বলেন।
মেয়র বলেন, ‘গত ১৬ মার্চ উত্তরা ১১ নম্বর সেক্টরের এই জায়গায় এসে আমি লক্ষ্য করলাম, সুইস গেট এলাকার ডানে ও বামে খিদিরখাল থাকলেও মাঝখানের কানেক্টিভিটি নেই। এটি ভরাট করে সম্পূর্ণ অবৈধভাবে একটি স্থাপনা নির্মাণ করা হয়েছে। এরা অত্যন্ত শক্তিশালী। আমি গত মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য, ওয়ার্ড কাউন্সিলর, এলাকার জনসাধারণ এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে এটি ভেঙে দিয়েছি। এখানে খালের স্বাভাবিক গতি নষ্ট করে দেওয়া হয়েছিল। আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে, অন্যথায় আমাকে এভাবে উচ্ছেদ অভিযান চালাতে হবে জনগণের সহায়তা নিয়ে।