
নিউজ ডেস্কঃ ‘আমরা সোনার বাংলা এখনও গড়তে পারি নাই, সোনার মানুষ এখনও তৈরি করতে পারি নাই।’ এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বৃহস্পতিবার (১৮ মার্চ) কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আজকে যখন দেখি তথাকথিত ধর্মের নাম করে উস্কানি দিয়ে ভিন্ন ধর্মের মানুষদের উপর হামলা করা হয় তখন আমাদের হৃদয়ে রক্ত ক্ষরণ হয়। সাম্প্রদায়িকতার বিষবাষ্পের কোনও ছোবল আমরা এখানে দেখতে চাই না। তিনি আরো বলেন, আমরা প্রশাসনকে অনুরোধ করবো যে, কোন জায়গায় যদি এই সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো হয় তাদেরকে কঠোরহস্তে দমন করতে হবে।