
নিউজ ডেস্কঃ বন্ধু প্রতীম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুব রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগদানের বিরোধিতাকে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা বলে মনে করে বাংলাদেশ-ভারত সম্পর্ক কেন্দ্র (সিবিআইআর)। আজ শুক্রবার (১৯ মার্চ) বাংলাদেশ-ভারত সম্পর্ক কেন্দ্রের পরিচালক শাহিদুল হাসান খোকন সাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।
সিবিআইআর এর ওই বিবৃতিতে বলা হয়েছে, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে সাম্প্রদায়িক অপশক্তিগুলো ফের মাথাচাঁড়া দিয়ে উঠছে। এই অপশক্তিগুলো কেবল মুক্তিযুদ্ধের মহান চেতনাকেই নস্যাৎ করতে উদ্যত নয়; তাঁরা বাংলাদেশকে বন্ধুহীন-বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত করতেও অতিমাত্রায় সক্রিয়। সাম্প্রতিক সময়ে পরিকল্পিতভাবে অস্থিরতা ও বিভেদ সৃষ্টির এই অপচেষ্টাকারীদের বিরুদ্ধে দেশের অসাম্প্রদায়িক-প্রগতিশীল মানুষদের মতো বাংলাদেশ-ভারত সম্পর্ক কেন্দ্র (সিবিআইআর) গভীরভাবে উদ্বিগ্ন।
ইতিহাসের এক যুগ সন্ধিঃক্ষণে দাঁড়িয়ে বাঙালি জাতি যখন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে অধীর অপেক্ষায় তখন এই অপচেষ্টাকারীরা পাকিস্তানের পরাজিত সেই শক্তির প্রতিভূ হয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিতে তৎপর। আমরা গভীর উদ্বেগের সঙ্গে আরও লক্ষ্য করছি, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে মহা সমারোহে উদযাপনে সরকারের গৃহীত কর্মসূচি বানচালে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী পরিকল্পিতভাবে প্রকাশ্যে মাঠে নেমেছে।