
নিউজ ডেস্কঃ করোনা মহামারি প্রতিরোধে শুধু এমবিবিএস প্রফেশনাল পরীক্ষার্থী ছাড়া অন্য সব শিক্ষার্থীকে ছাত্রাবাস ছাড়ার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কর্তৃপক্ষ। এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডসহ শিক্ষার্থীদের সব প্রকার সভা-সমাবেশ, মিছিল-স্লোগান, রেগ-ডে ও বর্ষ সমাপনী উৎসব পালন থেকে বিরত থাকতে বলা হয়েছে। (১৮ মার্চ) চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন পেশাগত পরীক্ষা নেওয়াসহ চট্টগ্রাম মেডিকেল কলেজে কার্যক্রম অব্যাহত আছে। পেশাগত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
কিন্তু অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা গেছে, পরীক্ষার্থী ছাড়াও অনেক শিক্ষার্থী ছাত্রাবাসগুলোতে অবস্থান করছে। স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এতে উদ্বেগ প্রকাশ করেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থী ছাড়া অন্যান্য শিক্ষার্থীদের অনতিবিলম্বে ছাত্রাবাস ত্যাগ করতে নির্দেশ দেওয়া হচ্ছে। পেশাগত পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ার পর পরই ছাত্রাবাস ত্যাগ করতে হবে।