
নিউজ ডেস্কঃ বরগুনার আমতলী-পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের মহিষকাটা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে ট্রাক ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থীসহ দু’জন নিহত হয়েছেন। অপর আরোহী ব্যবসায়ী মো. আনোয়ারুল হক সাগর গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৯-৬৩৪১) যোগে বরিশালের মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওবায়দুল শিকদারের ছেলে ও ওই ইউনিয়নের (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী মো. তৌফিক শিকদার (৪০), কলাপাড়া উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক তুহিন মৃধা (৩৫) এবং ব্যবসায়ী মো. আনোয়ারুল হক সাগর পটুয়াখালী যাচ্ছিলেন।
পথে আমতলী-পটুয়াখালী-কুয়াকাটা সড়কের মহিষকাটা বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছলে প্রাইভেটকারটি একটি টমটমকে (টেম্পু) সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২০-২০৩৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক তৌফিক ও আরোহী তুহিন নিহত হন। গুরুতর আহত হন প্রাইভেটকারের অপর আরোহী আনোয়ারুল।