News71.com
 Bangladesh
 17 Mar 21, 08:07 PM
 207           
 0
 17 Mar 21, 08:07 PM

শিশু-কিশোরদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী॥

শিশু-কিশোরদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী॥

নিউজ ডেস্কঃ শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সব সময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, সেই সঙ্গে ন্যায় ও সত্যের পথে চলবে, তাহলেই জীবনে বড় হতে পারবে। জীবনটাকে উন্নত করতে পারবে। বাবা-মায়ের মুখও উজ্জ্বল হবে। আজ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশুদিবস-২০২১ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ছোট্ট সোনামনিরা, আমি তোমাদের কাছে এটাই চাই, তোমরা তোমাদের জীবনটাকে সুন্দর করো, লেখাপড়া শেখো। সেই সঙ্গে তোমাদের দরকার হচ্ছে নিয়ম শৃঙ্খলা মানা, অভিভাবকদের কথা শোনা, শিক্ষকদের কথা শোনা, শিক্ষকদের কথা মেনে চলা, এটা কিন্তু খুব দরকার।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় শিশুদিবসে এবারের প্রতিপাদ্য-‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন।’ আমরা শিশুদের জীবন আরও রঙিন, আরও সুন্দর, আরও সার্থক করে গড়ে তুলতে চাই। সেটাই আমাদের লক্ষ্য। আমি এটাই চাই, আজকের শিশুরা সুন্দরভাবে গড়ে উঠবে, জীবনটাকে সুন্দর করবে। শেখ হাসিনা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কাজেই শিশুর জন্য আমাদের সব কিছু। যা কিছু আজ করে যাচ্ছি, শিশুদের কথা চিন্তা করেই করে যাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন