
নিউজ ডেস্কঃ ভিউ বেশি। টাকা বেশি। তাই যে কোনো উপায়ে যে কোনো কনটেন্ট ছাড়তে হবে ইউটিউব চ্যানেলে। ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে আপত্তিকর ভিডিও কনটেন্ট তৈরির মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর দায়ে নির্মাতা, প্রযোজক ও অভিনেতাসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে সিআইডির কর্মকর্তারা জানান, এ ধরণের ভিডিওতে আসক্ত হয়ে নানা ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হচ্ছে যুবকরা। ভিউ বেশি হলে বাড়তি আয়। প্রতিদিনই তাই ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে নতুন নতুন কনটেন্ট তুলে ধরার এক অসুস্থ প্রতিযোগিতা। আর সেটা করতে গিয়েই নানা ধরণের অশ্লীল ভিডিও, কথপোকথন কিংবা বাচনভঙ্গি তুলে ধরছেন অনেকে।
ডিজিটাল প্লাটফর্মে এমন অশ্লীলতা ছড়ানোর দায়ে সোমবার ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থান থেকে তিনটি ইউটিউব টিভির ৫ জনকে গ্রেফতার করে সিআইডি। এ নিয়ে মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে মালিবাগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন সিআইডির অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন আগ্রহী অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে অশ্লীল ভিডিও তৈরির কাজ করে আসছিল। পরবর্তীতে চটকদার শিরোনাম ব্যবহার করে ইউটিউবসহ বিভিন্ন প্লাটফর্মে প্রচার করত। কমেট মিডিয়ার পরিচালক মনির হোসেন রাজু, কেএমএইচ টিভির পরিচালক ও অভিনেতা কাজী মনির হোসেন, ক্যামেরাম্যান রফিকুল, এসকে আগুনের এর পরিচালক ও অভিনেতা আগুনসহ ৫ জনকে আটক করা হয়েছে।