
নিউজ ডেস্কঃ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে বাংলায় গান গাইলেন নাইজেরিয়ার পেশাদার কণ্ঠশিল্পী মিসেস প্রিন্সেস বোলা ইজেজি। তিনি গাইলেন ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশন এ উদ্যোগ গ্রহণ করে। হাসান মতিউর রহমানের কথায় ও মলয় গাঙ্গুলির সুরে সাবিনা ইয়াসমিনের গাওয়া বিখ্যাত গানটি বিদেশি এ শিল্পীর সুললিত কণ্ঠে এক বিশেষ দ্যোতনা তৈরি করে। এ গানের মধ্য দিয়ে দু'দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঘনিষ্ঠতর হবে বলে আশা করা যায়।
সম্প্রতি ‘মুজিব বর্ষ’ উপলক্ষে নাইজেরিয়া পোস্টাল সার্ভিস (নাইপোস্ট) একটি স্মারক ডাক টিকেট প্রকাশ করে। ওই ডাক টিকেট বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জেফ্রি ওনেয়ামা ২৭ আগস্ট ২০২০ ভার্চুয়াল মাধ্যমে যৌথভাবে অবমুক্ত করেন।