
নিউজ ডেস্কঃ শুরু হলো মুজিব শতবর্ষ উদযাপন। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টা ১ মিনিটে চোখ জুড়ানো আতশবাজী ও ফানুস উড়িয়ে মুজিব শতবর্ষের প্রথম ক্ষণটি উদযাপন করলো আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠন। এদিকে, লাল-সবুজের রঙের এমন মন মাতানো আলোকসজ্জায় যেন ফুটে উঠেছে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পতাকাটি। গুরুত্বপূর্ণ স্থাপনায় এই আলোর মেলা জানান দিচ্ছে জাতির জনকের নেতৃত্বে পাঁচ দশক আগে হানাদার বাহিনীকে পরাজিত করে বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছিলো বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বরণ করে নিতেই রাজধানীকে সাজানো হয়েছে এমন বর্ণিল সাজে। উৎসব ঘিরে সকল অনুষ্ঠানের নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীও। ১০ দিন ব্যাপী বর্ণাঢ্য এই আয়োজনকে কেন্দ্র করে যে কোন ধরনের নাশকতা রুখে দিতে রাত দিন মহড়ায় ব্যস্ত র্যাব-পুলিশের সদস্যরা।
র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ফোর্সেস জল-স্থল-আকাশ পথে ত্রিমাত্রিক বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।' রাজধানীকে বিভিন্ন পয়েন্টে ভাগ করে টহলে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। বিস্ফোরক শনাক্তকরণে বিভিন্ন ডিভাইসের পাশাপাশি রাখা হয়েছে ডগ স্কোয়াডও। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতে সজাগ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।