
নিউজ ডেস্কঃ চলমান একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে। সোমবার (১৫ মার্চ) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন ডেকেছে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। রাষ্ট্রপতি জানান, আগামী ১ এপ্রিল বেলা ১১টা থেকে একাদশ সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করা হয়েছে। এর আগে গত ২ ফেব্রুয়ারি শেষ হয় সংসদের একাদশ অধিবেশন। সংবিধান অনুযায়ী সংসদের দুইটি অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই। যে কারণে এ অধিবেশন আহ্বান করা হয়েছে।
করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে এর আগের সংসদ অধিবেশনগুলো আয়োজন করা হয়। এসব অধিবেশনে সামাজিক দূরত্ব বজায় রাখতে, তালিকা করে দিন নির্ধারণ করে সংসদ সদস্যদের বসানো হয়। আইনপ্রণেতাদের করোনা ভাইরাস পরীক্ষাও করা হয়।