
নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম কৃষি। উৎপাদনশীলতা, আয় বৃদ্ধি এবং গ্রামীণ এলাকায় কর্মস্থান সৃষ্টির মাধ্যমে আমাদের বিশাল জনগোষ্ঠীর সমৃদ্ধির জন্য কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে কৃষিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে পাট উৎপাদনে প্রথম, পাট ও কাঠাল উৎপাদনে দ্বিতীয়, ধান উৎপাদনে তৃতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, আম উৎপাদনে সপ্তম, আলু উৎপাদনে সপ্তম, পেয়ারা উৎপাদনে অষ্টম। সারাবিশ্বের কাছে বাংলাদেশ এখন কৃষিতে রোলমডেল। মুজিববর্ষ উপলক্ষে আজ সোমবার দিনাজপুরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে নশিপুরস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ভিত্তি পাট বীজ খামার ও বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সব কার্যক্রম পরিদর্শন করেন তিনি।