
নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ সদর উপজেলায় ট্রাক্টরচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী। রোববার (১৪ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ-তাড়াইল সড়কের সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের রাজ্জাক মুন্সীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল ভূঞাবাড়ির আজিম উদ্দিন ভূঞার ছেলে আসাদুজ্জামান ভূঞা বাবলু (৪০) ও একই উপজেলার দামিহা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন দেলোয়ার (২০)। আহতরা হলেন-সিএনজি চালিত অটোরিকশা চালক বাদল এবং অটোরিকশা যাত্রী পপি ও মোহাম্মদ আলী। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৪ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ-তাড়াইল সড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের রাজ্জাক মুন্সীর বাড়ির সামনে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাটিকে চাপা দেয় একটি ট্রাক্টর।