
নিউজ ডেস্কঃ রাজধানীর রমনা এলাকায় মঙ্গলবার (১৬ মার্চ) থেকে টেলিফোনের পুরনো নম্বর পরিবর্তন করে নতুন নম্বর বসানোর কাজ শুরু হচ্ছে। এ সময়ে টেলিফোন সেবা কিছুটা বিঘ্ন হতে পারে। রোববার (১৪ মার্চ) রাতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের জেনারেল ম্যানেজার মীর মোহাম্মদ মোরশেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রমনা এলাকায় প্রায় ২০ থেকে ২৪ হাজার টেলিফোনের সংযোগ রয়েছে। প্রতিদিন ২৫০ থেকে ৩০০টি সংযোগের নম্বর পরিবর্তন করা হবে।
মোহাম্মদ মোরশেদ আরো বলেন, এ কাজের জন্য হয়তো ১৫ থেকে ২০ দিন সময় লাগবে। এরপর টেলিফোন সেবা আগের মতো ভালোভাবে চলবে। প্রতিদিন কাজ শেষে আমরা গ্রাহকদের জানিয়ে দেব। মূলত এ কাজটির ফলে গ্রাহকদেরই বেশি উপকার হবে। তিনি জানান, উন্নত ও আধুনিক সেবা নিশ্চিতের লক্ষ্যে রাজধানীর রমনা এলাকার টেলিফোনের এক্সচেঞ্জের পুরনো সাত ডিজিটের নম্বরগুলো পরিবর্তন করা হবে। পুরনো নম্বরের পরিবর্তে বিটিসিএলের নতুন স্থাপিত এক্সচেঞ্জের ১১ ডিজিটের নম্বর প্রতিস্থাপন করা হবে। বিটিসিএল সূত্র জানায়, মঙ্গলবার থেকে শুরু হবে কাজটি। নতুন নম্বর প্রতিস্থাপনের সময় গ্রাহকদের পুরনো নম্বরের শেষ ডিজিটগুলোর সঙ্গে মিল রেখে নতুন নম্বর বরাদ্দ দেওয়া হচ্ছে। পুরনো ও নতুন টেলিফোন নম্বরের তালিকা বিটিসিএলের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়া নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহককে নতুন নম্বরটি ফোনকলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।