
নিউজ ডেস্কঃ কারিগরি ত্রুটির জন্য গত বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর থেকে স্থগিত থাকার পর আবার শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন। রোববার (১৪ মার্চ) রাত ৮টা থেকে অনলাইনে আগের নিয়মে আবেদন করা যাচ্ছে।আবেদনকারীদের আবেদন করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে এবং দ্বিতীয়বার ওয়েবসাইট রিলোড না করার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।
এ ব্যাপারে ঢাবির অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, কারিগরি জটিলতার জন্য গত বৃহস্পতিবার দুপুর থেকে রোববার রাত ৮টা পর্যন্ত আবেদন স্থগিত রাখা হয়েছিল। আবেদনকারীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, তারা যাতে প্রথমবার আবেদন করার পরে ওয়েবসাইট দ্বিতীয়বার রিলোড না করেন। বার বার রিলোড করার ফলে সার্ভারে চাপ পড়ে। এর আগে অনলাইনে আবেদন করতে গিয়ে কারিগরি সমস্যায় পড়েছিল আবেদনকারীরা। ৮ মার্চ বিকেল ৪টা থেকে আবেদন শুরুর পর পরই কারিগরি সমস্যার মুখে পড়েন আবেদনকারীরা। এভাবে ১১ মার্চ দুপুর ১২টা পর্যন্ত চলে। সমস্যা সমাধানে সেদিন সোয়া ১২টা থেকে রোববার রাত ৮টা পর্যন্ত আবেদন প্রক্রিয়া স্থগিত রাখা হয়।