
নিউজ ডেস্কঃ 'এটা আমাদের দেশ, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এ দেশ স্বাধীন করেছি। এ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা আমাদের সবারই দায়িত্ব, কর্তব্য।' আজ রবিবার (১৪ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য নতুন কেনা ড্যাশ-৮কিউ ৪০০ উড়োজাহাজ 'আকাশতরী' ও 'শ্বেতবলাকা'র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমান বাংলাদেশ এয়ার লাইনসের যাত্রীসেবার মান আরো বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'বিমান বাংলাদেশ এয়ারলাইনস যখন সারা বিশ্বে ঘোরে, বিদেশে যখন যায় তখন বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করে। সে জন্য সব সময় আমাদের প্রচেষ্টা ছিল যে এই বিমান যেন ভালোভাবে, সুন্দরভাবে আমরা গড়তে পারি।'
প্রধানমন্ত্রী আরো বলেন, 'আমাদের যাত্রীসেবাটা আরো উন্নত করতে হবে। ২১টি জাহাজ আছে, সেগুলো যেন সুন্দরভাবে সুরক্ষিত থাকে। যাত্রীসেবার মান যেন উন্নত হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের কাছে আমার আহ্বান থাকবে।' তিনি বলেন, 'এয়ারলাইনসের সঙ্গে যারা জড়িত সবাইকে আমি অনুরোধ করব- এটা আমাদের দেশ, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এ দেশ স্বাধীন করেছি। এ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা সবারই দায়িত্ব, কর্তব্য।'