
নিউজ ডেস্কঃ সাভারে আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের চাপায় শামছুল আলম নামে পোশাক কারখানার এক কর্মকর্তা নিহতের ঘটনায় বাসটির চালক ও তার সহযোগিকে (হেলপার) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪ এর সদস্যরা। রোববার (১৪ মার্চ) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল। শনিবার (১৩ মার্চ) দিনগত রাত সাড়ে ১০টার দিকে সাভারের জামতলা এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি ঘাতক বাসচালক ও হেলপারকে গ্রেফতার করা হয়। নিহত শামছুল আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপের মানবসম্পদ কর্মকর্তা।
গ্রেফতাররা হলেন আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের চালক শেরপুরের মো. ওয়াসিম ওরফে আল-আমিন ও হেলপার নারায়ণগঞ্জের মো. শাকিল। র্যাব-৪ এর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ১১ জানুয়ারি টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় নিজ কর্মস্থল শারমিন গ্রুপের সামনে আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের চাপায় নিহত হন শামছুল আলম। পরে প্রায় এক কিলোমিটার গাড়ি চালিয়ে ওই পরিবহনের চালক ও হেলপার গাড়ী রেখেই পালিয়ে যায়।
সে সময় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে তিনটি বাসে অগ্নিসংযোগ ও অন্তত ১৫-২০ যানবাহনে ভাঙচুর করে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস দিলে প্রায় দেড় ঘণ্টা পর উত্তেজিত জনতা আন্দোলন স্থগিত করে অবরোধ তুলে নেয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভারের জামতলা এলাকা থেকে পলাতক বাসচালক ও হেলপারকে গ্রেফতার করা হয়।