
নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, গত সপ্তাহ থেকে মশার প্রাদুর্ভাব কমেছে। আগামী এক সপ্তাহের মধ্যে মশার প্রার্দুভাব নির্মূল হবে। গত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মশারি ছাড়াই মানুষ ঘুমাতে পেরেছে। মাঝে কিছুটা কিউলেক্স মশার আক্রমণ বেড়েছিল। বর্তমানে তা সহনীয় পর্যায়ে রয়েছে।
শনিবার (১৩ মার্চ) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মেয়র আরও বলেন, ঢাকার জলাবদ্ধতা দূর করতে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। ডিএসসিসির বিভিন্ন খাল, নর্দমা ও জলাশয় পুনঃখনন ও পরিষ্কার করা হচ্ছে। এসব কাজ শেষ হলে আমরা জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবো। একইসঙ্গে ঢাকাকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে নানামুখী প্রদক্ষেপ নেওয়া হয়েছে। পরে তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।