
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টি কখনই পরগাছা হয়ে রাজনীতি করবে না। জাতীয় পার্টি কোনো জোটে নেই। বর্তমানে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে চায় না, জাতীয় পার্টিও আওয়ামী লীগকে চায় না। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গেও আমাদের কোনো যোগাযোগ নেই। আমরা বিরোধী দলে আছি, সব পরিস্থিতি মোকাবিলা করে আমরা দেশের মানুষের পক্ষে কথা বলবো।
শনিবার (১৩ মার্চ) দুপুরে বনানী কার্যালয় মিলনায়তনে পার্টির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সম্পাদকমণ্ডলীর সদস্যদের সাংগঠনিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের একথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি ১৯৯১ সালের পর থেকে সংসদীয় গণতন্ত্রের নামে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। দু’টি দলই সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। মানুষের অধিকার হরণ করে দেশের মানুষকে জিম্মি করেছে। ৯১ সালের পর থেকে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে আওয়ামী লীগ ও বিএনপি সুশাসন নির্বাসনে দিয়েছে।