
নিউজ ডেস্কঃ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে যাত্রীবাহী বাসে আগুন লেগে দুই যাত্রী নিহত ও ৯ অগ্নিদগ্ধসহ ২১ জন আহতের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (১২ মার্চ) দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বাদী হয়ে বাসের মালিক ও চালককে আসামি করে এ মামলা দায়ের করে। মামলায় আসামিরা হচ্ছেন, মতলব এক্সপ্রেস বাসের মালিক মো. মিজানুর রহমান। তিনি কুমিল্লা দাউদকান্দি স্ববাহন গ্রামের মৃত আমির হোসেনের ছেলে এবং ওই বাসের চালককে অজ্ঞাত দেখানো হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শুক্রবার (১২ মার্চ) তার থানার এসআই মোস্তফা কামাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিদের অবহেলাজনিত কারণে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বাসে আগুন লেগে দুই যাত্রী নিহত ও ৯ জন অগ্নিদগ্ধসহ ২১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।