
নিউজ ডেস্কঃ ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠান হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সরাসরি যোগ দেবেন সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পাঁচ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। সেই সঙ্গে আরও পাঁচ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ভিডিও বার্তা দেবেন।
শুক্রবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ১৭ থেকে ২৬ মার্চ দশ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালায় প্রতিদিন পৃথক থিমভিত্তিক আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, অডিওভিজুয়াল এবং অন্যান্য বিশেষ পরিবেশনার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
১০ দিনের অনুষ্ঠানমালার থিমগুলো হলো-১৭ মার্চ ‘ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়’ , ১৮ মার্চ ‘মহাকালের তর্জনী’, ১৯ মার্চ ‘যতকাল রবে পদ্মা যমুনা’, ২০ মার্চ ‘তারুণ্যের আলোকশিখা’, ২১ মার্চ ‘ধ্বংসস্তূপে জীবনের গান’, ২২ মার্চ ‘বাংলার মাটি আমার মাটি’, ২৩ মার্চ ‘নারীমুক্তি, সাম্য ও স্বাধীনতা’, ২৪ মার্চ ‘শান্তি-মুক্তি ও মানবতার অগ্রদূত’, ২৫ মার্চ ‘গণহত্যার কালরাত্রি ও আলোকের অভিযাত্রা’ এবং ২৬ মার্চ ‘স্বাধীনতার পঞ্চাশ বছর ও অগ্রগতির সুবর্ণরেখা’।