
নিউজ ডেস্কঃ রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, লোকবল নিয়োগে রেলের নীতিমালা চূড়ান্ত হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ১০ থেকে ১৫ হাজার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আজ শুক্রবার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশন ও রেলওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সেবার মান বাড়াতে লোকবল নিয়োগে রেলের নীতিমালা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, লোকবল ও কাঠামোর অভাব ঘুচিয়ে সার্মথ্য বাড়ানো গেলে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রেল যোগাযোগ আরও ত্বরান্বিত হবে। এটি রেলের ইতিহাসে আরও একটি নতুন মাইল ফলক হবে। বিভিন্ন পক্ষ রেলের জায়গা দখল করছে অভিযোগ তুলে রেলমন্ত্রী বলেন, অবৈধভাবে দখল করা জায়গা উদ্ধার করে শিগগিরই মালামাল রাখার জন্য আইসিটি টার্মিনাল স্থাপন করা হবে। রেলের জায়গা আর বেদখল রাখা হবে না।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আরও বলেন, ‘রাজশাহী থেকে ভারতের সঙ্গে রেল যোগাযোগের সম্ভাব্যতা যাচাই করে দেখা হচ্ছে। সবাই তো ব্যবসায়ীক চিন্তা করে। আমাদের বাংলাদেশের ওপর দিয়ে কতোটুকু এলাকা চলবে, তার উপরে ট্যারিফ হবে, ভাড়া হবে। ভারতের জমির ওপর দিয়ে নেপাল যেতে হলে বহু অংশ যাবে। তাই এটি যদি দিনাজপুরের বিরল হয়ে করা হয়, তাহলে বাংলাদেশ বেশি লাভবান হবে। ব্যবসাটা আমাদের চিন্তুা করতে হয়। ’