
নিউজ ডেস্কঃ বিয়ের এক বছরে সংসার জীবনে ছেলে সন্তান উপহার দিতে না পারায় গাইবান্ধার সুন্দরগঞ্জের রোকসানা খাতুন (২৩) নামে এক গৃহবধূকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে। কন্যা সন্তান জন্ম দেওয়ার চার দিনের মাথায় নবজাতকসহ ওই গৃহবধূকে তাড়িয়ে দেয় শ্বশুরবাড়ির লোকজন। ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নবজাতকসহ ওই গৃহবধূকে উদ্ধার করে। পরে তাকে বাবার বাড়িতে পাঠায় পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ঘোমামারা গ্রাম থেকে নবজাতক ও গৃহবধূকে উদ্ধার করে পুলিশ। রোকসানা উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ধনিয়ারকুড়া গ্রামের লুৎফর মিয়ার মেয়ে।
এলাকাবাসী ও গৃহবধূর পরিবার জানায়, সাদুল্যাপুর উপজেলার ঘোড়ামারা গ্রামের মহব্বর আলীর ছেলে রাজা মিয়ার সঙ্গে বিয়ে হয় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ধনিয়ারকুড়া গ্রামের লুৎফর মিয়ার মেয়ে রোকসানার। আড়াই মাস আগে স্বামী রাজা মিয়া ডাক্তারী পরীক্ষা শেষে বুঝতে পারেন রোকসানা কন্যাসন্তান জন্ম দিতে যাচ্ছেন। এরপর থেকে তাকে নির্যাতন করতে শুরু করেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। গত ৮ মার্চ একটি প্রাইভেট হাসাপাতালে কন্যাসন্তান জন্ম দেন রোকসানা। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে স্বামীর বাড়ি ঘোড়ামারায় ফেরেন তিনি।