
নিউজ ডেস্কঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের পথ ধরেই শরিক জামায়াতে ইসলামীকে দূরে ঠেলতে চাইছে বিএনপি। দলটির একটি অংশের মধ্যে এ লক্ষ্যে জোর তৎপরতাও আছে। কিন্তু যেসব কারণে এক দশক ধরে জামায়াতকে দূরে সরানো যায়নি, সেই ইস্যুগুলো এখনো নিষ্পত্তি করতে পারেনি বিএনপি। তা ছাড়া জামায়াতও বিএনপির নেতৃত্বাধীন জোট ছাড়তে রাজি নয়। ফলে জামায়াত প্রশ্নে বিএনপি এখনো কিছুটা উভয় সংকটে রয়েছে বলে জানা গেছে।
তবে সব দলকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্য সামনে থাকায় জামায়াতকে রাখা না রাখা প্রশ্নে বিএনপিতে আলোচনা নতুন করে সামনে এসেছে। কারণ বাম ও উদারপন্থী দলগুলো জামায়াত থাকলে জোট গঠনে রাজি হবে না। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৌশলী জবাব দিয়েছেন। তিনি বলেন, ‘শুধু জামায়াত নয়, জোট গঠনসহ বিভিন্ন প্রশ্নে বিএনপিতে এখন আলোচনা চলছে; কিন্তু এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। জামায়াত এখনো ২০ দলীয় জোটে আছে।’