
নিউজ ডেস্কঃ রাজধানীর নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকা থেকে নকল সার্টিফিকেট তৈরি করার অপরাধে দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। আটকরা হলেন রাকিব হাসান (২৩) ও মোবারক হোসেন জনি ওরফে হৃদয় (২৫)। বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে র্যাব-২ এর সহকারী পরিচালক (এএসপি) মো. আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল বুধবার দিনগত রাতে নীলক্ষেত এলাকায় বাকুশাহ হর্কাস মাকেট সংলগ্ন ভার্সিটি মাল্টিকালার নামে একটি দোকানে অভিযান চালায়। অভিযানে জাল সার্টিফিকেট তৈরি করার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি সিপিইউ, একটি মনিটর, পাঁচটি প্রিন্টার, একটি স্ক্যানার, ১৭ টি শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষার ভুয়া সার্টিফিকেট ও ভুয়া সার্টিফিকেট তৈরির শাপলা জল ছাপ দেওয়া তিনটি সাদা কাগজ জব্দ করা হয়। তিনি আরও জানান, আসামিরা নিজেদের কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সার্টিফিকেট ডাউনলোড করে ফটোশপের সাহায্যে দীর্ঘদিন ধরে নকল সার্টিফিকেট তৈরি করে আসছিল। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।