
নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসি বাংলাদেশিদের সহজ সেবা প্রদানের লক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ‘বাংলা টাইগার ডিজিটাল’ এর ব্যানারে ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করেছে বাংলাদেশ হাইকমিশন। স্থানীয় সময় বুধবার (১০ মার্চ) এই ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।হাই কমিশনের উপ-হাইকমিশনার ও মিনিস্টার মো. খোরশেদ এ খাস্তগিরের সঞ্চালনায় ভার্চুয়াল এই উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মিজ মাশফী বিনতে শামস।
হাই কমিশনার জনাব মো. গোলাম সারওয়ার তার স্বাগত বক্তব্যে প্ল্যাটফর্মটির সংক্ষিপ্ত পটভূমি তুলে ধরে প্রবাসীদের সুবিধার্থে এটি ব্যবহারের পরামর্শ দেন। তিনি আরো বলেন, মালয়েশিয়ায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির সাথে সংযোগ বৃদ্ধি করার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বাংলা টাইগার ডিজিটাল’ তৈরি করেছে। এই প্রয়াসে প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ডটলাইনস’ হাই কমিশনের টেকনোলজি পার্টনার হিসেবে কাজ করছে। এছাড়াও প্রবাসীরা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে সহজেই পাসপোর্ট, বৈধকরণ, চাকরির আবেদনসহ বিভিন্ন ধরনের সেবা অনায়াসে গ্রহণ করতে পারবে। সেবা প্রার্থীরা সম্পূর্ণ বিনা পয়সায় এই সেবা নিতে পারবে।