
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় গয়নার ছড়া খাল দখল করে অবৈধভাবে ১৮ তলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসি’র বিরুদ্ধে। খাল দখল করে বহুতল ভবন নির্মাণ করায় অবৈধ কিছু অংশ ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে সেনাবাহিনী, র্যাব ও পুলিশকে সাথে নিয়ে সেই ভবনের তিন হাজার ৮শ স্কয়ার ফুট অবৈধ অংশ ভাঙা শুরু করে সিডিএ।
সিডিএ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম বলেন, 'পুরো বিল্ডিংটাই খালের উপর। বর্ষার আগে উচ্ছেদ করে খালটা সম্প্রসারণ করে আমাদের খালের পানির স্রোত নিশ্চিত করে দিতে হবে। যেন জলাবদ্ধতা নিরসন হয়।' জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক নির্বাহী প্রকৌশলী আহমেদ মঈনুদ্দিন জানান, ২০১৯ সালে অক্টোবর মাসে অবৈধ অংশ ভাঙার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৯০ দিনের সময় বেঁধে দিয়েছিল সিডিএ। কিন্তু ১৬ মাস পেরিয়ে গেলেও তারা অবৈধ অংশ সরিয়ে নেয়নি। অবশেষে ভবনের অবৈধ অংশ ভেঙে দিতে চালানো হয় এ অভিযান।