News71.com
 Bangladesh
 11 Mar 21, 12:14 PM
 209           
 0
 11 Mar 21, 12:14 PM

অবৈধ সম্পদ থাকার অভিযোগে দুদকের মামলা।। দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন পিপি

অবৈধ সম্পদ থাকার অভিযোগে দুদকের মামলা।। দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন পিপি

 

নিউজ ডেস্কঃ অবৈধ সম্পদ থাকার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউর হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করা অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল। তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এ কেএম বজলুর রহমানের ছেলে। গতকাল বুধবার দুপুরে অ্যাডভোকেট মনিরুজ্জামানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন।

 

ওয়াজেদ আলী খোকন জানান, ‘আমি ২০১৫ সাল থেকে দায়িত্ব পালন করে আসছি। এর মধ্যে চাঞ্চল্যকর ৭ খুন, ৫ খুন, স্বর্ণ ব্যবসায়ী, শিশু হত্যা, নারী হত্যাসহ অসংখ্য মামলায় সাফল্য অর্জন করেছি। কিন্তু হঠাৎ করেই গত মাসে (২৪ ফেব্রুয়ারি) দুদক থেকে অভিযোগ উত্থাপন করা হয়, ১৯৯০ থেকে এ পর্যন্ত আমার স্ত্রীর নামে ২৭ লাখ টাকার অধিক সম্পদের তথ্য গোপন করেছি। আর আমার বিরুদ্ধে অভিযোগ আমি ৮৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছি।

 

৩১ বছর বিশাল ব্যবধান। জাপানে ছিলাম, ওকালতি পেশা, ৫ বছরের পিপির পেশা। এতদিনে একজন শ্রমিক বা রিকশাওয়ালারও এর চেয়ে বেশি সম্পদ থাকে। জিনিসটা আমার কাছে খুব বিব্রতকর মনে হলো, আমি জেলা বিচার ব্যবস্থার একজন প্রধান। আমার যারা অভিভাবক, আত্মীয়স্বজন, তারা আমাকে উপদেশ দিল তদন্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তুমি অবসর নাও। যোগ্য একজনকে দায়িত্ব দাও। আমার ৭ জন এডিশনাল পিপির মধ্যে সব কিছু চিন্তা করে মনিরুজ্জামান বুলবুল সাহেবকে যোগ্য মনে করি। তাই আমি তাকে ভারপ্রাপ্ত পিপি হিসেবে দায়িত্ব দিয়েছি।

 

আমি নিজে যেহেতু বিচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট, তাই আমি নিজেও বিব্রতবোধ করি। কারণ আমি একটা ভালো চেয়ারে বসে থাকলে তদন্ত কর্মকর্তা বার বার আমাকে স্যারই বলবে। এতে তদন্তে ব্যাঘাত ঘটবে। তাই আমি তদন্তের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দেশে সচরাচর এটা কেউ পালন করে না, আমি একটা দৃষ্টান্ত স্থাপন করেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন