News71.com
 Bangladesh
 11 Mar 21, 09:14 AM
 248           
 0
 11 Mar 21, 09:14 AM

এবারও হচ্ছে না শতবর্ষী ঐতিহ্যবাহী।। চট্টগ্রামে জব্বারের বলী খেলা

এবারও হচ্ছে না শতবর্ষী ঐতিহ্যবাহী।। চট্টগ্রামে জব্বারের বলী খেলা

 

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া ও জনসমাগম ঝুঁকিপূর্ণ হওয়ায় এবারও শতবর্ষী ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আবদুল জব্বারের বলী খেলা ও মেলা কমিটি দ্বিতীয়বারের মতো বলী খেলা ও মেলা স্থগিতের ঘোষণা দেন।

 

মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী সংবাদ সম্মেলনে বলেন, ‘১৯০৯ সাল থেকে প্রতি বছর ১২ বৈশাখ দেশের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এটা চট্টগ্রামের মানুষের প্রাণের অনুষ্ঠান। করোনা পরিস্থিতি এখানে উন্নতি না হওয়ায় এবং জনসমাগম ঝুঁকিপূর্ণ থাকায় আগামী ১৪২৮ বাংলা ১২ বৈশাখ মেলা ও বলী খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে।’ এর আগে করোনা মহামারির প্রভাবে গত বছরও এই মেলা ও খেলা স্থগিত করে মেলা কমিটি। সংবাদ সম্মেলনে মেলা কমিটির সহ সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ব্রিটিশবিরোধী আন্দোলনে দেশের যুব সমাজকে সংগঠিত করতে ১১০ বছর আগে স্থানীয় আব্দুল জব্বার সওদাগর নগরীর লালদীঘি মাঠে কুস্তি প্রতিযোগিতা আয়োজন করেন। পরে যা আব্দুল জব্বারের বলী খেলা নামে পরিচিত হয়। বাংলা পঞ্জিকা অনুসারে ১২ বৈশাখ জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হয়। ১২ বৈশাখের দুই-তিন দিন আগে থেকে লালদীঘির মাঠ ও আশপাশের এলাকা নানা পণ্যে ভরে ওঠে। তিন দিনের মেলা হলেও সপ্তাহব্যাপী নানা পণ্যের পসরা সাজিয়ে চলে বিকিকিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন