
নিউজ ডেস্কঃ ছেলের জন্মদিনে তাকে দেখতে গিয়েছিলেন এক মা। ছেলেটি থাকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এক মাদরাসায়। আধ ঘণ্টার মতো ছেলের সঙ্গে সময় কাটিয়ে মা যখন ফিরছেন, আট বছরের শিশুটি তখন মায়ের পিছু পিছু হাঁটতে শুরু করে। কিন্তু মাদরাসার এক শিক্ষক শিশুটির ঘাড় ধরে ফিরিয়ে আনেন তাকে, ঠেলতে ঠেলতে ঢোকান এক কক্ষে, তারপর তাকে নৃশংসভাবে পেটাতে শুরু করেন।
ভিডিওচিত্রে যে ব্যক্তিকে নির্যাতনকারীর ভূমিকায় দেখা গেছে, তার সঙ্গে কথা বলেছে বিবিসি। তিনি মারকাযুল কোরআন ইসলামিক একাডেমি নামে ওই মাদরাসার হিফয শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়া। গত তিন মাস ধরে এই আবাসিক মাদরাসায় শিক্ষকতা করছেন। তবে বুধবার সকালে মাদরাসা কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেছে বলে তিনি জানান।
মোহাম্মদ ইয়াহিয়া জানান, নির্যাতনের ঘটনায় তিনি শিশুটির মা-বাবার কাছে মাফ চেয়েছেন। শিশুটিকে ফিরিয়ে আনতে আনতে তিনি (মোহাম্মদ ইয়াহিয়া) রেগে গিয়েছিলেন। তিনি বলেন, আসলে যে রকম দেখা যাচ্ছে, অত জোরে মারতে ছিলাম না, বেতটাও হাফ বেত, এক বিঘতের চেয়ে একটু বড় সাইজ। বেশি জোরে লাগে না। কিন্তু আমার অন্যায় হইছে, ওইভাবে মারা উচিত হয় নাই।