
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। বিশৃঙ্খলার সাথে যারাই জড়িত থাকুক তাদের পরিচয় না দেখে আইনের আওতায় আনা হবে। আজ বুধবার বিকেলে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এর মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইজিপি, র্যাবের ডিজি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে। ঘটনার সাথে জড়িত অনেককে গ্রেপ্তার করা হয়েছে, অভিযান চলছে। সেতুমন্ত্রী বলেন, এ দুঃখজনক ঘটনার বিচার কাজ তদন্ত করে রিপোর্ট গঠনের জন্য নোয়াখালী জেলা আওয়ামী লীগকে নির্দেশনা দেওয়া হয়েছে। রিপোর্ট এলে কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।