
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে রহস্যজনক এক বিস্ফোরণে অগ্নিদগ্ধ ১২ জনের মধ্যে ৫ জন মৃত্যুবরণ করেছেন। অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন বাকি ৭ জনের অবস্থাও আশংকাজনক। মারা যাওয়া ও আহত জেলেদের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ও চর রমিজ ইউনিয়নে। বুধবার (৯ মার্চ) হতাহত জেলেদের বাড়ি গিয়ে এমন তথ্য জানা গেছে। এ ঘটনায় পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমেছে।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি মধ্যরাতে কক্সবাজার সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরা অবস্থায় তাদের ট্রলারে রহস্যময় এক বিস্ফোরণে ১২ জন দগ্ধসহ ট্রলারে থাকা ২১ জেলের সবাই আহত হয়। দগ্ধ আহত ৬ জন ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন, একজন রয়েছেন বাড়িতে। স্বজন ও চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীরের ৪০ থেকে ৫০ শতাংশই পুড়ে গেছে। মৃত জেলেদের মধ্যে রয়েছেন চর গাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ টুমচর গ্রামের নুর উদ্দিনের ছেলে বেলাল হোসেন (২৮), সিরাজুল হকের ছেলে মেহেরাজ (২৬), চরলক্ষ্মী গ্রামের আবদুজ জাহের ছেলে মিলন (৩০), চর রমিজ ইউনিয়নের চর গোসাই গ্রামের আবুল কাশেম মিস্ত্রি (৫৫), আবু তাহেরের ছেলে রিপন মাঝি (৩৮)।