
নিউজ ডেস্কঃ সিআইডির এসআই মো. নওয়াব আলীর কোটিপতি স্ত্রী গোলজার বেগমকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার তিনি চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গোলজার বেগম চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক। তাঁর স্বামী নওয়াব বর্তমানে ঢাকায় সিআইডিতে এসআই পদে কর্মরত। চট্টগ্রামের লালখান বাজার এলাকায় তাঁদের বাসা।
দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, গোলজার বেগম দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি আরো জানান, ১৯৯২ সালে কনস্টেবল পদে যোগ দেন নওয়াব আলী। মাছ চাষ থেকে এক কোটি ১০ লাখ টাকা আয় করেছেন বলে কাগজপত্রে দেখান এবং এই অর্থের মালিক দেখানো হয় তাঁর স্ত্রীকে। কিন্তু বাস্তবে তাঁর মাছ চাষের কোনো প্রমাণ পাওয়া যায়নি।